কাতার-ফ্রান্সের আহ্বান: হরমুজ খুলুক, গাজায় যুদ্ধবিরতি কার্যকর হোক
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো, হরমুজ প্রণালীতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করা এবং গাজায় যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে কাতার ও ফ্রান্স।
বুধবার (২১ অক্টোবর) কাতারের রাজধানী দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে এসব বিষয় তুলে ধরা হয়।
বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালীতে কোনো ধরনের বাধা বা ফি ছাড়া জাহাজ চলাচলের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করা জরুরি। একই সঙ্গে গাজায় যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলো কার্যকর করা, সম্মত ব্যবস্থার আওতায় ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং গাজায় জরুরি মানবিক সহায়তা নিরাপদে ও বাধাহীনভাবে পৌঁছানোর ওপর গুরুত্ব দেন দুই নেতা।
এ ছাড়া পশ্চিম তীরের ভূখণ্ড সংযুক্ত করার বিরোধিতা এবং ইসরায়েলি বসতি সম্প্রসারণ নীতি ও বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধের আহ্বান জানায় দুই দেশ।
যৌথ বিবৃতিতে আঞ্চলিক উত্তেজনা প্রশমনে কূটনৈতিক উদ্যোগ জোরদার করার কথাও বলা হয়। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করতেও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে কাতার ও ফ্রান্স।
সূত্র: কাতার ও ফ্রান্সের যৌথ বিবৃতি।








