কাতারের আমিরের সঙ্গে ম্যাক্রোঁর বৈঠক, অর্থনীতি ও প্রতিরক্ষা সহযোগিতায় গুরুত্ব

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শেয়ার করুন:

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) কাতারের লুসাইল প্রাসাদে অনুষ্ঠিত এ বৈঠকে অর্থনীতি, বিনিয়োগ, নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। খবর কাতার নিউজ এজেন্সির (কিউএনএ)।
‎
‎বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কৌশলগত অংশীদারত্ব পর্যালোচনা করেন দুই নেতা। পাশাপাশি পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত করার উপায় নিয়ে আলোচনা হয়।

‎কাতারের আমির ফ্রান্সের প্রেসিডেন্টের এই রাষ্ট্রীয় সফরকে দুই দেশের সম্পর্কের গভীরতা ও কৌশলগত অংশীদারত্বের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন। অন্যদিকে, ম্যাক্রোঁ দুই দেশের সহযোগিতামূলক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
‎
‎আলোচনায় অর্থনৈতিক ও বিনিয়োগ সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতিও গুরুত্ব পায়। বিশেষ করে নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়টি আলোচনার কেন্দ্রে ছিল।
‎
‎কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারোরসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
‎
‎উল্লেখ্য, কাতারে ফ্রান্সের প্রেসিডেন্টের এই সফর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এর মাধ্যমে অর্থনীতি, বিনিয়োগ, নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে বিদ্যমান কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হয়েছে।
‎
‎সূত্র: কাতার নিউজ এজেন্সি (কিউএনএ), দ্য পেনিনসুলা কাতার