
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের প্রত্যাশা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে এ প্রত্যাশার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
চিঠিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, নানা প্রতিকূলতা পেরিয়ে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশের জনগণের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। একই সঙ্গে বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসাও জানিয়েছেন তিনি।
এদিকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। তিনি আশ্বস্ত করেছেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না।
চিঠিতে এ বিষয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মনোযোগের কথাও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি ভবিষ্যতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন ডোনাল্ড ট্রাম্প।
সব মিলিয়ে, ট্রাম্পের এই চিঠিকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।