
আসন্ন জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ২০ বছর পর এটি হবে তার যুক্তরাষ্ট্র সফর।
রবিবার (২৩ আগস্ট) প্রকাশিত প্রতিবেদ অনুযায়ী, জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেওয়া এবং ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে দুদিনের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে দেশে ফিরবেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে এই সফর ৮ থেকে ১০ দিনের হতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকার প্রধান হিসেবে এটি হবে তার প্রথম জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশগ্রহণ। এ ছাড়া সাধারণ অধিবেশনের সাইডলাইনে বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
এ দিকে দীর্ঘ দুই দশক পর প্রধানমন্ত্রীর এই যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে এবং তাকে রাজকীয় অভ্যর্থনা জানাতে বিভিন্ন প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় নেতাকর্মীরা।