
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘দ্রুত জামিন’ দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার ঘেরাও কর্মসূচি পালন করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
সোমবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্বেচ্ছাসেবক দলের কয়েকশ নেতাকর্মী কারাগারের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় কারাগার এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অভিযোগ, বিভিন্ন মামলায় গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের জামিনের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে না। এমনকি স্পর্শকাতর মামলার আসামিদেরও দ্রুত জামিন দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
কর্মসূচিতে নেতাকর্মীরা বলেন, দীর্ঘ ১৭ বছরের বেশিরভাগ সময় বিএনপির নেতাকর্মীদের কারাগারে থাকতে হয়েছে। তখন মানবাধিকার কোথায় ছিল—এমন প্রশ্নও তোলেন তারা। তাদের দাবি, গুম-খুনসহ বিভিন্ন অপরাধের মামলার আসামিদের দ্রুত জামিন দেওয়ার বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
প্রয়োজনে আদালত এলাকাও ঘেরাও করার হুঁশিয়ারি দেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল হাসান বলেন, গুরুতর মামলার আসামিদের পুলিশ গ্রেপ্তার করার কয়েকদিন পরই তাদের জামিনে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। এ নিয়ে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এদিকে, ঘেরাও কর্মসূচির বিষয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, তিনি বিষয়টি জেনেছেন। তবে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অল্প সময়ের জন্য কারাগারের প্রধান ফটকের সামনে অবস্থান করেছিলেন। পরে তারা সেখান থেকে সরে যান।
এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে কারাগার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। পরে পরিস্থিতি শান্ত হলে স্বাভাবিক হয় কারাগারের আশপাশের পরিবেশ।