
বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারযোগে ফটিকছড়ির পেহেলগাজী দিঘীর মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী। এ সময় স্থানীয় সাধারণ মানুষ তাকে স্বাগত জানান।
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদরাসায় গিয়ে হেফাজত আমিরের সাথে সাক্ষাৎ করেন তিনি।
হেফাজত আমিরের সাথে সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় যাবেন। সেখানে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসায় হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করার কথা রয়েছে।
এর আগে রবিবার দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সহায়তা প্রদান অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী।
এছাড়া সকালে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করেন তিনি।