
ভয়াবহ বন্যায় নেপালের জলবিদ্যুৎ অবকাঠামোর বড় ধরনের ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ সংকট মোকাবিলায় সহায়তার হাত বাড়িয়েছে ভারত। নেপালের চাহিদা পূরণে প্রতিদিন সর্বোচ্চ ৬৫৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের অনুমোদন দিয়েছে নয়াদিল্লি।
ভারতের বিদ্যুৎ মন্ত্রণালয়ের অনুমোদন অনুযায়ী, ১৩ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত প্রতিদিন ১৮ ঘণ্টা নেপালে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এর মধ্যে মুজাফফরপুর-ঢালকেবর ৪০০ কেভি সঞ্চালন লাইনের মাধ্যমে সর্বোচ্চ ৬০০ মেগাওয়াট এবং টানকপুর-মহেন্দ্রনগর ১৩২ কেভি লাইনের মাধ্যমে আরও ৫৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে।
গত ২৬ আগস্ট নেপাল-চীন সীমান্তসংলগ্ন এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যায় দেশটির একাধিক জলবিদ্যুৎ প্রকল্প ও সঞ্চালন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। এতে নেপালের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার একটি বড় অংশ ব্যাহত হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে কয়েকশ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা বলা হয়েছে।
বন্যার কারণে নেপালের নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হওয়ায় দেশটিকে এখন ভারতের কাছ থেকে বেশি বিদ্যুৎ আমদানি করতে হচ্ছে। এর আগে নেপাল মৌসুমি সময়ে ভারতসহ প্রতিবেশী দেশগুলোতে বিদ্যুৎ রপ্তানিও করত।
ভারতের এই জরুরি বিদ্যুৎ সরবরাহ নেপালের ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ খাত পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত দেশটির অভ্যন্তরীণ চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে এ উদ্যোগ দুই দেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ সহযোগিতাকেও আরও জোরদার করবে।