
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় অ্যামাজনের একটি কার্গো বিমান রানওয়ে অতিক্রম করে বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন এবং আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
রোববার স্থানীয় সময় দুপুর ২টার দিকে অ্যামাজন প্রাইম এয়ারের ফ্লাইট ৭৫৯৮ অবতরণের সময় রানওয়ে ছাড়িয়ে যায়। বিমানটি ছিল একটি বোয়িং ৭৬৭-৩০০, যা অ্যামাজনের হয়ে ২১ এয়ার পরিচালনা করছিল। বিমানটি পুয়ের্তো রিকোর সান হুয়ান থেকে মায়ামির উদ্দেশে ছেড়ে এসেছিল।
রানওয়ে ছাড়িয়ে যাওয়ার পর বিমানটি বিমানবন্দরের কাছে থাকা কয়েকটি যানবাহনে আঘাত করে এবং আগুন ধরে যায়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ৬০টির বেশি উদ্ধার ও অগ্নিনির্বাপণ ইউনিট কাজ করে।
দুর্ঘটনার কারণে মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও ট্যাক্সিওয়ে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এতে বিপুলসংখ্যক ফ্লাইট বিলম্বিত হয় এবং যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
দুর্ঘটনার কারণ জানতে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন—এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড—এনটিএসবি তদন্ত শুরু করেছে। অ্যামাজন জানিয়েছে, তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা ও সহায়তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।