
নিউইয়র্কের ব্যস্ততম পর্যটন এলাকা টাইমস স্কোয়ারে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় নিহত হয়েছেন ব্যাংক অব আমেরিকার ৩২ বছর বয়সী ভাইস প্রেসিডেন্ট এরিন পিয়াচেন্টি।
স্থানীয় সময় সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ওয়েস্ট ৪২তম স্ট্রিট ও সেভেনথ অ্যাভিনিউ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, কোনো ধরনের পূর্বপরিচয় বা উসকানি ছাড়াই আকস্মিকভাবে হামলা চালানো হয়।
নিউইয়র্ক পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, ৪৯ বছর বয়সী এক নারী দুটি ছুরি নিয়ে প্রথমে ৬৮ বছর বয়সী এক ব্যক্তিকে আক্রমণ করেন। এর কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি এরিন পিয়াচেন্টির ওপর হামলা চালান।
গুরুতর আহত অবস্থায় এরিনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহত ৬৮ বছর বয়সী ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।
হামলার পর সন্দেহভাজন নারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে পুলিশ তাকে আটকানোর চেষ্টা করে। কর্মকর্তারা কয়েক মিনিট ধরে তাকে ছুরি ফেলে দিতে নির্দেশ দেন।
কিন্তু তিনি নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তাদের দিকে ছুরি হাতে এগিয়ে গেলে প্রথমে টেজার ব্যবহার করা হয়। এতে তাকে থামানো সম্ভব না হওয়ায় পুলিশ গুলি চালায়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
পুলিশ কমিশনার জেসিকা টিশ হামলাটিকে ‘এলোমেলো ও উসকানিবিহীন’ বলে উল্লেখ করেছেন। হামলার উদ্দেশ্য বা এর পেছনে অন্য কোনো কারণ ছিল কি না, তা খতিয়ে দেখছে নিউইয়র্ক পুলিশ।
এরিন পিয়াচেন্টি ব্যাংক অব আমেরিকার বিজনেস সিলেকশন অ্যান্ড কনফ্লিক্টস ইউনিটে ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ব্যাংক অব আমেরিকা। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে তাকে মূল্যবান সহকর্মী হিসেবে উল্লেখ করে তার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে।
ঘনবসতিপূর্ণ ও পর্যটকে পরিপূর্ণ টাইমস স্কোয়ারে দিনের ব্যস্ত সময়ে এমন হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার পুরো বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে নিউইয়র্ক পুলিশ।