
হরমুজ প্রণালিতে চলাচলকারী নিষেধাজ্ঞাভুক্ত জাহাজের একটি হালনাগাদ তালিকা প্রকাশ করেছে ইরানের পারস্য উপসাগর প্রণালী কর্তৃপক্ষ। নতুন তালিকায় রয়েছে মোট ৭৭টি জাহাজ।
ইরানি কর্তৃপক্ষের অভিযোগ, এসব জাহাজ হরমুজ প্রণালিতে চলাচলের ক্ষেত্রে নির্ধারিত ইরানি প্রটোকল লঙ্ঘন করেছে। তালিকাভুক্ত জাহাজগুলোর বিরুদ্ধে জরিমানা, আটক কিংবা জাহাজ জব্দের মতো ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
একই সঙ্গে এসব জাহাজকে সেবা দেওয়া থেকে বিরত থাকতে বীমা প্রতিষ্ঠান, প্রোটেকশন অ্যান্ড ইনডেমনিটি—পিঅ্যান্ডআই ক্লাব এবং জাহাজের শ্রেণিবিন্যাসকারী সংস্থাগুলোকেও সতর্ক করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিষেধাজ্ঞাভুক্ত জাহাজের সঙ্গে সহযোগিতা করা হলে সংশ্লিষ্ট জাহাজও ভবিষ্যতে তালিকায় যুক্ত হতে পারে।
হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার মধ্যে এই জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও তেলের বাজার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
পর্যবেক্ষকদের মতে, ইরানের নতুন তালিকা ও কঠোর সতর্কতা হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ঝুঁকি আরও বাড়াতে পারে। এর প্রভাব পড়তে পারে বৈশ্বিক জ্বালানি সরবরাহ, পরিবহন ব্যয় এবং আন্তর্জাতিক তেলের বাজারেও।