
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা আরও বেড়েছে। এখন পর্যন্ত ৬৬৯টি মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। একই সঙ্গে নিখোঁজ রয়েছেন ২ হাজার ৩৬২ জন।
শনিবার নেপাল পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নিখোঁজদের মধ্যে ১ হাজার ৮৬৩ জন নেপালের নাগরিক। আর ৪৯৯ জন বিদেশি নাগরিক এখনো নিখোঁজ রয়েছেন।
বন্যার পর দুর্গম পাহাড়ি অঞ্চল, কাদা ও ধ্বংসস্তূপের কারণে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়েছে। সেনাবাহিনী, পুলিশ ও বিশেষজ্ঞ উদ্ধারকারী দল নদীর তীর, ধ্বংসপ্রাপ্ত স্থাপনা এবং বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে যাচ্ছে।
এ পর্যন্ত ২ হাজার ৩০১ জন আহত ও আটকে পড়া মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। নিখোঁজদের সন্ধান এবং মরদেহ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
নেপাল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে নিখোঁজদের উদ্ধার ও ক্ষতিগ্রস্তদের সহায়তাই সর্বোচ্চ অগ্রাধিকার।