প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬ || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৬
ডিএজির ফেসবুক পোস্ট নিয়ে ব্যবস্থা চাইলেন রুমিন ফারহানা
- ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর মন্তব্যের অভিযোগ তুলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে আইনি ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
সোমবার অ্যাটর্নি জেনারেলের কাছে পাঠানো চিঠিতে তিনি অভিযোগ করেন, গত ১১ সেপ্টেম্বর নজরুল ইসলাম ছোটন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাকে লক্ষ্য করে আপত্তিকর ও কুরুচিপূর্ণ একটি পোস্ট দেন।
রুমিন ফারহানার দাবি, রাষ্ট্রের একজন আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে এমন বক্তব্য দেওয়া অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ভাবমূর্তি ও পেশাদারত্বের জন্য ক্ষতিকর। এ ঘটনায় তিনি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
তবে চিঠিতে কথিত ফেসবুক পোস্টে ঠিক কী লেখা হয়েছিল, তা বিস্তারিত উল্লেখ করা হয়নি। এ বিষয়ে রুমিন ফারহানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও মন্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে, অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল জানান, তিনি নজরুল ইসলাম ছোটনের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন। ছোটন তাকে জানিয়েছেন, তিনি রুমিন ফারহানাকে নিয়ে একটি পুরোনো ভিডিও পোস্ট করেছিলেন এবং এর সঙ্গে ‘আপনারা কত দ্রুত ভুলে গেলেন’—এ ধরনের মন্তব্য করেছিলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, তিনি ছোটনের ব্যাখ্যায় সন্তুষ্ট। তার মতে, এটি ব্যক্তিগত মতপ্রকাশের বিষয় এবং ডিএজির পেশাগত বা প্রশাসনিক দায়িত্বের সঙ্গে সংশ্লিষ্ট নয়। তাই তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কোনো ভিত্তি নেই।
অগ্রগামী বাংলাদেশ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত