সুইজারল্যান্ডের একটি জলবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণের ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলীয় টিচিনো ক্যান্টনের পিওত্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রিটোম জলবিদ্যুৎ কেন্দ্রের পুরোনো একটি স্থাপনায় কাজ চলাকালে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সেখানে কর্মরত দুই শ্রমিক গুরুতর আহত হন। পরে তাদের মৃত্যু হয়।
ঘটনার পরপরই উদ্ধারকারী দল, দমকলকর্মী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং এলাকা নিরাপদ করে। বিস্ফোরণে কেন্দ্রটির স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
তবে ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ ও পরিস্থিতি জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
রিটোম জলবিদ্যুৎ কেন্দ্রটি সুইজারল্যান্ডের পুরোনো জলবিদ্যুৎ স্থাপনাগুলোর একটি। দুর্ঘটনার সময় সেখানে সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজ চলছিল বলে জানা গেছে।
সূত্র: রয়টার্স
অগ্রগামী বাংলাদেশ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত