নতুন জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুমোদনের পর সরকারি চাকরি থেকে অবসর নেওয়া কর্মচারীদের পেনশনেও বড় পরিবর্তন আসছে। নতুন কাঠামো অনুযায়ী, অবসরপ্রাপ্তদের নিট পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
নতুন সিদ্ধান্তে কম পেনশন পাওয়া ব্যক্তিদের তুলনামূলক বেশি সুবিধা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এ জন্য পেনশনভোগীদের বর্তমান নিট পেনশনের ওপর ভিত্তি করে পাঁচটি স্তরে বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে।
নতুন কাঠামো অনুযায়ী, ৯ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন ১০০ শতাংশ বাড়বে। অর্থাৎ ৯ হাজার টাকা পেনশন হলে নতুন হিসাবে তা ১৮ হাজার টাকা হতে পারে।
৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে বাড়বে ৭৫ শতাংশ। ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পেনশনে বাড়বে ৬৫ শতাংশ। ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত পেনশনে বাড়বে ৬০ শতাংশ। আর ৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে বৃদ্ধির হার হবে ৫৫ শতাংশ।
এর ফলে তুলনামূলক কম পেনশন পাওয়া অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা নতুন কাঠামোয় বেশি হারে আর্থিক সুবিধা পাবেন। তবে প্রত্যেক পেনশনভোগী শেষ পর্যন্ত ঠিক কত টাকা পাবেন, তা নির্ভর করবে সরকারের চূড়ান্ত বাস্তবায়ন বিধি ও সংশ্লিষ্ট নির্দেশনার ওপর।
এদিকে দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা ‘ওয়ান র্যাংক ওয়ান পেনশন’ বা এক গ্রেড এক পেনশন ব্যবস্থাও ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। পুরো ব্যবস্থা একসঙ্গে কার্যকর না করে ২০৩০ সালের মধ্যে তা বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, এই ব্যবস্থা চালু হলে একই পদ বা গ্রেড থেকে বিভিন্ন সময়ে অবসরে যাওয়া কর্মচারীদের পেনশনের বৈষম্য অনেকটাই কমবে।
তবে বড় অঙ্কের আর্থিক ব্যয় এবং পুরোনো অবসরপ্রাপ্ত অসামরিক কর্মচারীদের প্রয়োজনীয় তথ্য-উপাত্তের ঘাটতির কারণে একবারে পুরো ব্যবস্থা চালু করা হচ্ছে না।
নতুন পে-স্কেলে পেনশন বৃদ্ধির এই সিদ্ধান্তে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে। এখন সরকারি প্রজ্ঞাপন ও বাস্তবায়ন নির্দেশনা জারির পরই জানা যাবে, নতুন হারে পেনশন কার্যকর হওয়ার নির্দিষ্ট সময় এবং প্রত্যেক পেনশনভোগীর চূড়ান্ত প্রাপ্য অর্থের পরিমাণ।
অগ্রগামী বাংলাদেশ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত