ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাই দুবাইয়ের একটি বিমানের সিটের নিচ থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। উদ্ধার করা সোনার ওজন প্রায় ৯ কেজি ৩৩ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা।
বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে অভিযান চালিয়ে এসব সোনা উদ্ধার করা হয়।
ঢাকা কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস হাউস ঢাকার একটি দল গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সদস্যদের নিয়ে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে তল্লাশি চালায়।
এ সময় বিমানের একটি সিটের নিচে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৮০টি সোনার বার পাওয়া যায়।
কাস্টমসের প্রাথমিক হিসাবে, উদ্ধার করা সোনার মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৩ কেজি। এসব সোনার আনুমানিক মূল্য ২০ কোটি টাকা।
তবে বিমানের সিটের নিচে এসব সোনা কারা রেখে গেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ঢাকা কাস্টমস হাউস।
অগ্রগামী বাংলাদেশ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত