নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির উত্তরাঞ্চল। রাসুওয়া জেলার ভোতে কোশি নদীতে হঠাৎ পানির প্রবল স্রোতে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত ৩৮৪ জন পর্যটক ও ভ্রমণকারীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার তথ্য জানিয়েছে নেপাল ট্যুরিজম বোর্ড।
পর্যটন বোর্ডের প্রাথমিক তালিকা অনুযায়ী, নিখোঁজদের মধ্যে ২৯১ জন বিদেশি নাগরিক এবং ৯৩ জন নেপালি নাগরিক। বিদেশিদের মধ্যে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের নাগরিক রয়েছেন। তাদের মধ্যে ১০৫ জন ভারতীয় নাগরিক বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় সময় বুধবার সকালে আকস্মিক বন্যার পর রাসুওয়ার তিমুরে ও স্যাফ্রুবেশি এলাকাসহ আশপাশের অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার পানিতে সড়ক, সেতু, বসতবাড়ি, পুলিশ পোস্ট ও সীমান্তসংলগ্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে নিখোঁজ পর্যটকদের সন্ধানে নেপাল ট্যুরিজম বোর্ড, পর্যটন পুলিশ, স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী সমন্বিতভাবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে। বিভিন্ন ট্রাভেল এজেন্সি, গাইড ও স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করে নিখোঁজদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।
তবে পর্যটন বোর্ড জানিয়েছে, ৩৮৪ জনের এই তালিকা এখনো প্রাথমিক। ফলে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত সবাই প্রকৃতপক্ষে নিখোঁজ কি না, তা নিশ্চিত করতে যাচাই প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
নেপালের এই দুর্যোগে প্রাণহানি ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্গম পাহাড়ি এলাকা, ক্ষতিগ্রস্ত যোগাযোগব্যবস্থা এবং প্রতিকূল পরিস্থিতির কারণে উদ্ধার অভিযানও কঠিন হয়ে পড়েছে।
অগ্রগামী বাংলাদেশ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত