গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতি প্রক্রিয়া ভেঙে গেলে পরিস্থিতি ‘প্রত্যাবর্তনের অযোগ্য পর্যায়ে’ চলে যেতে পারে বলে সতর্ক করেছেন গাজার জন্য যুক্তরাষ্ট্রের ‘বোর্ড অব পিস’-এর উচ্চ প্রতিনিধি নিকোলাই ম্লাদেনভ।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ম্লাদেনভ বলেন, যুদ্ধ আবার শুরু হলে আগের অবস্থায় ফেরার কোনো রোডম্যাপ অবশিষ্ট থাকবে না। এমনকি গাজায় পুনর্গঠন ও নতুন প্রশাসন কার্যকর করার সুযোগও নষ্ট হয়ে যেতে পারে। তার ভাষায়, এটি শুধু একটি ব্যর্থতা হবে না; বরং সবার জন্য ‘প্রত্যাবর্তনের অযোগ্য পর্যায়’ তৈরি করবে।
এদিকে যুদ্ধবিরতি কার্যকর রাখার ক্ষেত্রে উভয় পক্ষের প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়েই মূল সংকট তৈরি হয়েছে। ম্লাদেনভ জানান, হামাস ও অন্যান্য ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী অস্ত্র হস্তান্তর এবং বেসামরিক ও নিরাপত্তা-সংক্রান্ত পূর্ণ প্রশাসনিক ক্ষমতা একটি জাতিসংঘ-স্বীকৃত অন্তর্বর্তী প্রশাসনের কাছে হস্তান্তরের বিষয়ে সম্মত হয়েছে। তবে এসব প্রতিশ্রুতির বাস্তবায়ন এখনো পুরোপুরি হয়নি।
অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের পূর্ণ নিরস্ত্রীকরণ ছাড়া ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের বিষয়ে আপত্তি জানিয়েছেন। ফলে যুদ্ধবিরতির পরবর্তী ধাপ বাস্তবায়ন নিয়ে নতুন করে অচলাবস্থা তৈরি হয়েছে।
ম্লাদেনভ আরও সতর্ক করে বলেন, গাজায় এখনো সহিংসতা পুরোপুরি বন্ধ হয়নি। যুদ্ধবিরতি টেকসই না হলে সাম্প্রতিক মানবিক ও রাজনৈতিক অগ্রগতিগুলো দ্রুত উল্টে যেতে পারে এবং গাজার পুনর্গঠন প্রক্রিয়াও মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে।
বিশ্লেষকদের কাছে তাই বর্তমান পরিস্থিতির সবচেয়ে বড় প্রশ্ন—ইসরায়েল ও হামাস কি নিজেদের শর্ত ও প্রতিশ্রুতির জায়গা থেকে সরে এসে যুদ্ধবিরতির পরবর্তী ধাপ বাস্তবায়নে সম্মত হবে, নাকি গাজা আবারও পূর্ণমাত্রার সংঘাতের দিকে ফিরে যাবে।
অগ্রগামী বাংলাদেশ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত