সৌদি আরবের বন্দরনগরী ইয়ানবুর কাছে একটি জাহাজে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
সোমবার, ২৪ আগস্ট হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে জানান, লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে একটি জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
এর আগে একই এলাকায় একটি ট্যাংকার অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর জানায় যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও। সংস্থাটি জানায়, ইয়ানবু বন্দর থেকে প্রায় ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে ট্যাংকারটিতে আঘাত লাগে। এতে জাহাজের মূল ডেকে আগুন ধরে যায়। তবে জাহাজে থাকা সব ক্রু নিরাপদে রয়েছেন এবং কোনো পরিবেশগত ক্ষতির খবর পাওয়া যায়নি।
হুতিদের দাবি, সৌদি আরবের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে তারা সৌদি-সংশ্লিষ্ট জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। তবে ট্যাংকারে আঘাতের ঘটনাটি হুতিদের হামলায়ই হয়েছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হয়নি। সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
লোহিত সাগরের গুরুত্বপূর্ণ এই নৌপথে হামলার ঘটনায় আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহন নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
অগ্রগামী বাংলাদেশ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত