সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৪ হাজার ২৬০ জনকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ১৩ থেকে ১৯ আগস্ট ২০২৬ পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে পরিচালিত যৌথ অভিযানে এসব ব্যক্তিকে আটক করা হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ৯০০ জন আবাসন আইন লঙ্ঘনকারী, ৩ হাজার ৯৮২ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী এবং ৩ হাজার ৩৭৮ জন শ্রম আইন লঙ্ঘনকারী।
এ ছাড়া সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৫২৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৬৩ শতাংশ ইথিওপীয়, ৩৬ শতাংশ ইয়েমেনি এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। একই সময়ে অবৈধভাবে সৌদি আরব থেকে বের হওয়ার চেষ্টার অভিযোগে আরও ৩৮ জনকে আটক করা হয়।
অভিযানে অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয়, কর্মসংস্থান বা গোপন করতে সহায়তার অভিযোগে ২৪ জনকেও আটক করা হয়েছে। বর্তমানে মোট ৩১ হাজার ৯২২ জন বিদেশি নাগরিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে। এর মধ্যে ২৯ হাজার ৯৬১ জন পুরুষ এবং ১ হাজার ৯৬১ জন নারী।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এরই মধ্যে ১৩ হাজার ৭২৪ জনকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। আরও ১৮ হাজার ৮০৮ জনকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য সংশ্লিষ্ট কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এবং ৫ হাজার ৩৮৬ জনকে ভ্রমণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পাঠানো হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে সৌদিতে প্রবেশে সহায়তা করা, পরিবহন বা আশ্রয় দেওয়া কিংবা অবৈধ অভিবাসীদের কাজে নিয়োগের মতো কর্মকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি অপরাধে ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি জব্দ করার বিধানও রয়েছে।
অগ্রগামী বাংলাদেশ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত