প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬ || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৮, ২০২৬
রাশিয়ায় ব্রিটিশ ড্রোনে হামলার অভিযোগ, যুক্তরাজ্যকে: মস্কোর হুঁশিয়ারি
রাশিয়ার ভেতরে ইউক্রেনীয় বাহিনীর হামলায় ব্রিটিশ প্রতিষ্ঠানের তৈরি ড্রোন ব্যবহারের অভিযোগে যুক্তরাজ্যকে ‘পরিণতির’ হুঁশিয়ারি দিয়েছে মস্কো। লন্ডনে রুশ দূতাবাস অভিযোগ করেছে, ইউক্রেনকে দূরপাল্লার হামলায় সহায়তা দিয়ে ব্রিটেন ইচ্ছাকৃতভাবে যুদ্ধকে আরও উসকে দিচ্ছে।
ইউক্রেনীয় সামরিক সূত্রের বরাত দিয়ে দ্য সানডে টাইমস জানিয়েছে, গত ছয় মাসে প্রথমবারের মতো দুটি ব্রিটিশ তৈরি ড্রোন দিয়ে রাশিয়ার ভেতরে হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ভলগোগ্রাদ ও ইয়ারোস্লাভলের তেল শোধনাগারও ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
রুশ দূতাবাস এক বিবৃতিতে বলেছে, ব্রিটিশ তৈরি ড্রোন ব্যবহারের খবর প্রমাণ করে যে লন্ডন ইউক্রেন সংকটকে আরও সংঘাতময় করে তোলার পথ বেছে নিয়েছে। যুক্তরাজ্য রাশিয়াকে নিয়ন্ত্রণে রাখা এবং পরোক্ষভাবে সর্বোচ্চ ক্ষতি করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছে মস্কো।
দূতাবাস সতর্ক করে বলেছে, ব্রিটেন যত গভীরভাবে এই সংঘাতে জড়াবে, তার জন্য মূল্য তত বেশি হবে। তবে কী ধরনের ‘পরিণতি’ হতে পারে, সে বিষয়ে কোনো বিস্তারিত জানায়নি রাশিয়া। এদিকে ইউক্রেন রাশিয়ার সামরিক ও জ্বালানি অবকাঠামোয় দূরপাল্লার ড্রোন হামলা আরও জোরদার করেছে।
রাশিয়ার হুঁশিয়ারি প্রত্যাখ্যান করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বলেছেন, রুশ হুমকি সত্ত্বেও ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখবে ব্রিটেন। তিনি বলেন, ইউক্রেনকে আত্মরক্ষায় সহায়তা করাই যুক্তরাজ্যের দীর্ঘদিনের নীতি এবং এ অবস্থানের কোনো পরিবর্তন হবে না।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছে, ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে অবস্থানে সরকারের দৃঢ়তা নিয়ে রাশিয়ার কোনো সন্দেহ থাকা উচিত নয়। দ্য সানডে টাইমস–এর তথ্য অনুযায়ী, ইউক্রেন ব্যবহৃত ব্রিটিশ ড্রোনগুলোর একটি হলো বিএই সিস্টেমসের সহযোগী প্রতিষ্ঠান ক্যালেন-লেনজের তৈরি জেটচালিত ‘নিয়ান’, যার পাল্লা ১৫০ মাইলের বেশি।
অন্য একটি ড্রোনের পাল্লা ৬০০ মাইলের বেশি বলে জানানো হলেও নিরাপত্তার কারণে সেটির নির্মাতার নাম প্রকাশ করা হয়নি।
অগ্রগামী বাংলাদেশ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত