দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। দলীয় সূত্র জানিয়েছে, আজই নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দেওয়া হবে।
সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুলই দেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন—এমনটাই মনে করছেন দলটির নেতারা। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলে দল ও সরকারের গুরুত্বপূর্ণ তিনটি পদে পরিবর্তন আসতে পারে।
এদিকে, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে।
এর আগে বিএনপি দুটি এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য একটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এরই মধ্যে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমেদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তার সংসদীয় আসন শূন্য হবে। মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হলে তাঁর বর্তমান সংসদ সদস্য পদও শূন্য হওয়ার বিষয়টি সামনে আসছে।
উল্লেখ্য, গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর ২০ আগস্ট ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
অগ্রগামী বাংলাদেশ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত