বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারে দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের সময় এক ঘণ্টা কমিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার (১২ আগস্ট) থেকে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।
একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ করতে হবে। পাশাপাশি সব ধরনের আলোকসজ্জাও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার এক বার্তায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়, বিদ্যুৎ বিভাগের গত ১১ জুনের সিদ্ধান্ত অনুযায়ী এতদিন শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি ছিল। তবে বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে, যা ১২ আগস্ট থেকে কার্যকর হবে।
নতুন নির্দেশনা অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠেয় মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৮টার মধ্যে শেষ করতে হবে।
তবে খাবারের দোকান, হাসপাতাল, ফার্মেসি, ওষুধের দোকানসহ জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এই সময়সীমার আওতামুক্ত থাকবে।
বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষকে নতুন সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যুতের ব্যবহার কমানো এবং সরবরাহ ব্যবস্থার ওপর চাপ কমাতেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। নতুন সময়সূচির মাধ্যমে বিশেষ করে সন্ধ্যার পর বাণিজ্যিক প্রতিষ্ঠান ও আলোকসজ্জায় বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় আনার চেষ্টা করা হচ্ছে।
অগ্রগামী বাংলাদেশ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত