স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এসকল বিধানসহ পাঁচ স্তরের নতুন আচরণবিধির খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। খসড়াটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। ভেটিং শেষে গেজেট আকারে এটি প্রকাশ করা হবে। সোমবার ইসি সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার নিষিদ্ধ রাখা হয়েছে। তবে ব্যানার, লিফলেট, ফেস্টুন ও সীমিতসংখ্যক বিলবোর্ড ব্যবহারের সুযোগ থাকছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের ব্যয় নির্বাচনী ব্যয়ের হিসাবে দেখাতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচারণা ঠেকাতেও বিধান রাখা হয়েছে।
নতুন আচরণবিধিতে ইউনিয়ন পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচনে প্রতি ওয়ার্ডে একটি করে বিলবোর্ড ব্যবহার করা যাবে। উপজেলা পরিষদ নির্বাচনে সর্বোচ্চ ২০টি এবং জেলা পরিষদ নির্বাচনে প্রতি থানা বা উপজেলায় একটি বিলবোর্ড ব্যবহারের সুযোগ থাকবে। বিলবোর্ডের সর্বোচ্চ আকার নির্ধারণ করা হয়েছে ১৬ ফুট বাই ৯ ফুট।
খসড়ায় প্রচারে মাইক ব্যবহারের সময়ও নির্ধারণ করা হয়েছে। বেলা ১২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত মাইক বা শব্দবর্ধক যন্ত্র ব্যবহার করা যাবে এবং একটির বেশি মাইক্রোফোন ব্যবহার করা যাবে না। জেলা পরিষদ নির্বাচনে মাইক ব্যবহারের সুযোগ রাখা হয়নি।
আচরণবিধি লঙ্ঘনের শাস্তি হিসেবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা ও ছয় মাস পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। গুরুতর লঙ্ঘনের ক্ষেত্রে প্রার্থিতা বাতিলের সুযোগও থাকছে।
ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ এই পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচনের জন্য পৃথক আচরণবিধির খসড়া চূড়ান্ত করেছে ইসি।
অগ্রগামী বাংলাদেশ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত